মদন (নেত্রকোণা) প্রতিনিধি
মদনে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) নেত্রকোণার মদন উপজেলার কৃষি অফিস হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান। সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ শাকুর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সমবায় অফিসার আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির এবং কৃষক প্রতিনিধি শামিম।
বক্তারা কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিডিএস/এমএইউ









































