নিজস্ব প্রতিবেদক

  ১ ঘণ্টা আগে

জাতীয় সাংস্কৃতিক বাজেট বৃদ্ধি ও ইউনিয়নভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠার দাবি

জাতীয় সাংস্কৃতিক বাজেট বৃদ্ধি, দেশব্যাপী পাঠাগার প্রতিষ্ঠা এবং শিক্ষাক্রমে সংস্কৃতিচর্চাকে অধিক গুরুত্ব দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। প্রথমত, জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি করে অন্তত ১ শতাংশ করার আহ্বান জানানো হয়। স্মারকলিপিদাতাদের মতে, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সংস্কৃতি খাতে পর্যাপ্ত বিনিয়োগ অপরিহার্য।

দ্বিতীয়ত, সরকারের উদ্যোগে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। একই সঙ্গে বলা হয়, নতুন পাঠাগার স্থাপন সম্ভব না হলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিদ্যমান বেসরকারি পাঠাগারগুলোকে এমপিওভুক্ত করা যেতে পারে। এতে গ্রামীণ পর্যায়ে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার প্রসার ঘটবে।

তৃতীয় দাবিতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে গল্প, কবিতা, সংস্কৃতিচর্চা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমকে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমকে অন্তত ১০০ নম্বরের মূল্যায়নের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকারী কবি ইমরান মাহফুজ বলেন, শিক্ষা, সংস্কৃতি ও পাঠাভ্যাসের বিকাশ ছাড়া একটি জাতির মানবিক ও সৃজনশীল বিকাশ সম্ভব নয়। তাই সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি, পাঠাগার সম্প্রসারণ এবং শিক্ষায় সংস্কৃতিচর্চার অন্তর্ভুক্তি সময়ের দাবি।

তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সাংস্কৃতিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়