জাকিরুল ইসলাম, বারহাট্টা (নেত্রকোনা)

  ১ ঘণ্টা আগে

বারহাট্টায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম

ফাইল ছবি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চলতি বছরের বন্যায় বরো ফসল পানিতে তলিয়ে গিয়ে হাজারো কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েন। পরে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকা প্রণয়নের কাজ শুরু হয়।

তালিকা তৈরির শুরু থেকেই নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং তালিকা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে আসছিলেন, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় স্থান পায়নি বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে উপজেলার বাউসী, আসমা, সিংধা ও বারহাট্টা সদর ইউনিয়নের কৃষকরা পৃথকভাবে মানববন্ধন করে তালিকা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামের একাধিক কৃষক বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কিছু ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

অভিযোগকারী কৃষকরা বিষয়টি তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “যাদের নাম তালিকাভুক্ত হয়েছে, তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। বিভিন্ন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এরপরও যেসব ক্ষেত্রে বেশি অসামঞ্জস্য পাওয়া যাবে, সেগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত করা হলে সরকারি সহায়তা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছাবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়