ভোলা প্রতিনিধি

  ১৯ জুন, ২০২৪

ভোলায় ধরা পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার

ভোলায় একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেল ভাইপার। গত তিন দিনে উপকূলীয় এ দ্বীপ জেলায় বেশ কয়েকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের পর প্রকাশ্যে দেখা মিলছে এই রাসেল ভাইপারের। বিষধর এই সাপ সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে ধরনা বা পরিচিতি একেবারে নেই বললেই চলে।

ইতিপূর্বে ভোলায় দু-একটি ধরা পড়লেও তা অবমুক্ত করা হয়েছিল। সম্প্রতি ভোলা জেলার কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় ধরা পড়ছে রাসেল ভাইপার।

গত রোববার (১৬ জুন) ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার হেমায়েত মাওলানা বাড়ির সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির বাথরুমে সাপটির দেখা মেলে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তাৎক্ষণিক পিটিয়ে মেরে ফেলেন লোকজন।

মঙ্গলবার (১৮ জুন) এক সপ্তাহের ব্যবধানে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় এক বসত বাড়ির পাশের রাস্তায় দেখা মেলে বিষধর এ সাপটির। পরে স্থানীয়দের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়।

সর্বশেষ বুধবার (১৯ জুন) বিকেলে তজুমদ্দিন উপজেলায় দেখা গেছে রাসেল ভাইপার নামের বিষাক্ত সাপটি। উপজেলার চৌমহনি ঘাটে বল খেলার সময় খেলোয়াড়দের উপর আক্রমণ করতে সাপটি তাদের দিকে তেড়ে আসলে, তারা ওই মুহূর্তে হাতের কাছে থাকা একটি বাঁশ দিয়ে সাপটি পিটিয়ে মেরে ফেলে। সাপটিকে চিনতে না পেরে তারা পলিথিনে করে বাসায় এনে মাটির নিছে পুতে রাখে।

রায়হান নামের একজন জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে ফসলি জমিতে ফুটবল খেলতে এসে সাপটিকে নিজ চোখে দেখলাম। পরে সাপটির ছবি তুলে ইন্টারনেটের মাধ্যমে শনাক্ত করি যে সাপটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এবিষয়ে শশীগঞ্জ বনবিভাগের বিট অফিসার গাজী মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,বিষধর সাপ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়