শিক্ষা সফরের বাস দুর্ঘটনা
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষিকার হাত বিচ্ছিন্ন

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী শিক্ষা সফরের একটি মিনিবাস (কোস্টার) দুর্ঘটনায় শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১৪ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ওই স্কুলের শিক্ষক সাঈদা ফাহিমার (৩৫) বাম হাতের উপরিভাগ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার-এ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়েছে।
সাঈদা ফাহিমা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া অপর আহতরা হলেন শিক্ষার্থী আবু নাফিস চৌধুরী (১৯), এহসান (১৫), আবু হাসান (২০), সাইমন (১৬), তৌহিদ আহমেদ (১৮), সৈয়দ মাহিদ (২৩), অন্তর (১৮), মাহমুদ (১৭), শাহরিয়ার (১৮), আরাফাত (১৮), কর্মকর্তা রবিউল ইসলাম (২৫), বেলাল (৪০) ও তরিকুল (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার কেরানীগঞ্জ থেকে উইল লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা সফরে মিনিবাসে (কোস্টার) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া পেট্রল পাম্পের সামনে সড়কের ওপর থামিয়ে রাখা একটি ট্রাককে আঘাত করে মিনিবাসটি। এতে শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসটি (কোস্টার) ধুমড়ে-মুচড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষিকা সাঈদা ফাহিমার বাম হাতের উপরিভাগ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার-এ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। আহত অপর শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানান।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন দুর্ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান।
পিডিএসও/রি.মা









































