ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার রহস্যময় মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে নিজ বাড়ির সিঁড়িঘরের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। বীর মুক্তিযোদ্ধার এমন মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের খাবার শেষে জহুরুল আনোয়ার নিজবাড়িতেই ঘুমাতে যান। পর দিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে সিঁড়িঘরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি ফটিকছড়ি থানা পুলিশ। প্রকৃত রহস্য জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, ‘মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে আমাদের তদন্ত চলছে।’
"






































