বগুড়া প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

১৭ বছর বগুড়ার মানুষ বৈষম্য বঞ্চনার শিকার ছিল

সমবায় প্রতিমন্ত্রী

গত ১৭ বছর ধরে বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করতেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৩ জুন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেছেন, ২৩ জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, তাই প্রশাসন, নেতাকর্মীসহ মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি, জামায়াত, এনসিপি জুলাইযোদ্ধা, আমরা যারা দীর্ঘদিন আন্দোলন করে যে স্বৈরাচার সরিয়েছি, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে সেই স্বৈরাচারকে ফিরে আসার সুযোগ করে দেই সেটা কারো জন্য মঙ্গল হবে না।

মীর শাহে আলম জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ৬ তলা ভবনকে ৮ তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়