কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
চাঞ্চল্যকর হত্যা মামলায় বাবা ছেলে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চাঞ্চল্যকর আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই সঙ্গে মামলার অপর আসামি ও সাব্বিরের বাবা আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার সদর এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নিহত আনোয়ার হোসেনের বাবা গিয়াসউদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার বাবা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, আনোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে কসবা থানায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
"






































