সঞ্জীব কুমার রায়, নাজিরপুর (পিরোজপুর)

  ৮ ঘণ্টা আগে

পিরোজপুরের নাজিরপুর

নড়বড়ে সাঁকোতেই প্রতিদিন হাজারো মানুষের পারাপার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের বেলুয়া নদীর তীরবর্তী বর্ধিত ঘোষকাঠী ও মনোফল গ্রামের মাঝদিয়ে প্রবাহিত নদী-সংলগ্ন খালের ওপর জনগুরুত্বপূর্ণ রাস্তার সাঁকোটি দীর্ঘদিন বেহাল।

সাঁকো থেকে মাত্র ১০০ গজের মধ্যে শত বছরের পুরোনো ঘোষকাঠী বাজারসহ রয়েছে সরকারি প্রাথমিক, মনোরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়সহ ঘোষকাঠী ডিগ্রি কলেজ এবং কাছেই রয়েছে সুধাংশু শেখর টেকনিক্যান কলেজ। প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রীসহ হাজারো লোক চলাচল করে এই সাঁকোটির ওপর দিয়ে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের দ্রুত নজর দেওয়া উচিত।

গত শনিবার সরেজমিনে কথা হয় মনোফল গ্রামের সাঁকো-সংলগ্ন স্থানীয় যুবক শাহ আলমের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে সাঁকোটির ভগ্নদশা, অনেক আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি। মনে হয় দেখার কেউ নেই। অথচ সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। সাঁকো-সংলগ্ন বাজার, স্কুল, কলেজ রয়েছে। ছোট ছেলেমেয়েরা সাঁকাতে উঠতেই ভয় পায়।

সাঁকোর গোড়ায় বসবাসকারী আজাদ শেখ বলেন, স্কুল টাইমে প্রতিদিনই দু-চারজনকে হাত ধরে সাঁকো পার করে দেন। সাঁকো কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। শিশুরা উঠতেই ভয় পায়। অনেক অভিভাবক সঙ্গে এসে এবং ছুটি হওয়ার আগে এসে সাঁকোর গোড়ায় বসে ছেলেমেয়ের জন্য অপেক্ষায় থাকেন। তিনি আরো বলেন, কিছুদিন আগে শাওন নামের একটি ছেলে সাঁকো থেকে পানিতে পড়ে যায়। তিনি পানি থেকে তাকে তুলে আনেন।

বাজার কমিটির সভাপতি অপূর্ব হালদার বলেন, সাঁকোটির স্লাব ভেঙে যাওয়ার পর দুই-তিনবার বাজার কমিটি ও স্থানীয় যুব সম্প্রদায় মিলে কাঠের তক্তা দিয়ে সংস্কার করা হয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ কোনো ভূমিকা নেয়নি। ইউপি সদস্য পল্টু লাল বেপারি বলেন, গত দুই বছরে বেশ কয়েকবার আবেদন নিবেদন করা হলেও কোনো কাজ হয়নি। ইউনিয়ন পরিষদের সাধারণ তহবিল দিয়ে এত বড় সাঁকোর তেমন কিছু করাও সম্ভব নয়।

ইউপি চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) রেজাউল করিম বিপ্লব বলেন, আমি দেখেছি সাঁকোটির অবস্থা খুবই খারাপ। পরবর্তী বরাদ্দ আসার সঙ্গে সঙ্গে সাঁকোটির কাজ করা হবে। ঘোষকাঠী গ্রামের বিশিষ্ট ব্যক্তি তপন কুমার হালদার ও প্রভাষক চিত্তরঞ্জন হালদার সাঁকোটি এই এলাকার বর্তমান সময়ে এক নম্বর সমস্যা হিসাবে অভিহিত করেন এবং দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়