হবিগঞ্জ প্রতিনিধি
মাকালকান্দি গণহত্যা দিবস আজ

আজ ১৮ আগস্ট। মাকালকান্দি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের মাকালকান্দি গ্রামে মন্দিরে মনসা পূজা চলাকালীন নির্বিচারে দুই শতাধিক হিন্দু নর-নারীকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহতদের প্রত্যেক পরিবারের সদস্যদের নগদ ১ হাজার টাকা এবং একটি করে সনদপত্র দেন। কিন্তু এরপর তারা আর কোনো সাহায্য সহায়তা পাননি। বানিয়াচং উপজেলার উত্তর-পূর্ব কোনজুড়ে হিন্দু অধ্যুষিত একটি দুর্গম গ্রামের নাম মাকালকান্দি। মুক্তিযোদ্ধাদের ঘাঁটি হিসেবে পরিচিত এ গ্রামটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম নিশানা।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল বলেন, মাকালকান্দিতে এতগুলো মানুষকে নির্বিচারে মারা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেখানে কোন স্মৃতিস্তম্ভ করা হয়নি। আমরা চাই দ্রুত সেখানে সরকারি উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
"






































