গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট

গাজীপুরের ভাষা শহীদ বরবত স্টোডিয়ামে আগামী ১৮ জুন থেকে শুরু হচ্ছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট’। গতকাল সোমবার বিকেলে ওই স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দলসমূহের নিবন্ধন কার্যক্রম, আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু বলেন, এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম লক্ষ্য যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে কার্যকর ভূমিকা রাখা।
তিনি জানান, এ টুর্নামেন্ট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণের সুযোগ পাবে। দেশের যে কোন জেলার ফুটবল দল অংশ নিতে পারবেন। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন বিদেশী খেলোয়ার অংশ নিতে পারবেন। খোলা হবে নকআউট পদ্ধতিতে। প্রতি খেলায় জেলার ফুটবল দলকে ২০ হাজার টাকা এবং জেলার বাহিরের দলকে ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মোহামডান স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ, মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
"









































