পাবনা প্রতিনিধি
সাঁথিয়ায় ভূমিসেবা নিয়ে গণশুনানি

পাবনার সাঁথিয়ায় ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের উদ্যোগে এবং সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা-সংক্রান্ত এ গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, সেবাগ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “বর্তমান সরকার জনবান্ধব সরকার। ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন কাজ করছে। প্রয়োজন হলে আমরা ওয়ার্ড পর্যায়েও সেবা কার্যক্রম নিয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, “ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব।” তিনি শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন করতে প্রতি মাসে জ্ঞানবিনিময়মূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান। গণশুনানিতে অংশগ্রহণকারীরা ভূমি সেবা সংশ্লিষ্ট নানা অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানের সঞ্চালনায় গণশুনানিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা সেটেলমেন্ট কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন।
এ সময় আসিফ রায়হান বলেন, “প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে গণশুনানি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।” তিনি সাধারণ মানুষকে দালাল বা তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান। গণশুনানিতে দেড় শতাধিক নারী-পুরুষ সেবাগ্রহীতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, এ ধরনের গণশুনানি শুধু সমস্যা তুলে ধরার সুযোগই নয়, বরং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম।
"








































