নিজস্ব প্রতিবেদক

  ০৯ জুন, ২০২৬

তেলের পরিমাপে ‘পুকুরচুরি’, দারুসসালামের সোহরাব পাম্প সিলগালা

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্রাহকদের জ্বালানি তেল পরিমাপে কারচুপি রোধে দুটি পৃথক মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে বিএসটিআই। গত রবিবার (৭ জুন) দারুস সালাম এলাকার সোহরাব পেট্রোল পাম্প এবং গতকাল সোমবার (৮ জুন) মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন সড়কের মইন মটরস ফিলিং স্টেশনে পরিচালিত এই বিশেষ অভিযানে দুটি পাম্পে তেল বিক্রিতে কারচুপির প্রমাণ মিলেছে। সোমবার (৮ জুন) বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুদিনে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটসমূহ সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএসটিআই বলছে, এর মধ্যে সোহরাব সার্ভিস স্টেশনের ৪টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। যার ২টি ইউনিটে মারাত্মক কারচুপি ধরা পড়ে। যেখানে প্রতি ১০ লিটার জ্বালানি তেলে যথাক্রমে ১,০৮০ মিলিমিটার এবং ৯৮০ মিলিমিটার তেল কম পাওয়া যায়। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট ২টি তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।আর সোমবার অভিযানকালে মগবাজারের সাংবাদিক সেলিনা পারভীন সড়কের ‘মইন মটরস ফিলিং স্টেশন’ এর অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। যাচাইয়ান্তে প্রতি ১০ লিটারে ৮০ মিলিমিটার জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটটি সিলগালা করা হয়েছে। এই মোবাইল কোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম এবং সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়