কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

পুশইন ঠেকাতে কলারোয়া সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইনের আশঙ্কা ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় জনতা। সীমান্তের কয়েকটি এলাকায় বিজিবি ও এলাকাবাসীর যৌথ পাহারার খবর পাওয়া গেছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরসহ কয়েকটি সীমান্ত এলাকায় অবৈধভাবে পুশইনের উদ্দেশ্যে বহু নারী-পুরুষকে জড়ো করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে কলারোয়া সীমান্তজুড়ে টহল, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় বাসিন্দারাও বিভিন্নভাবে বিজিবিকে সহযোগিতা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ১৭ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারিদের কাছে বিভিন্ন ধরনের চোরাচালান এবং অবৈধ যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি পুশইনের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থান নিয়েছে।উপজেলার তিনটি ইউনিয়ন স্থল ও নদীপথে ভারতের সঙ্গে সংযুক্ত। কেঁড়াগাছি ইউনিয়নের অধিকাংশ এবং সোনাবাড়িয়া ইউনিয়নের পুরো সীমান্ত সোনাই নদী দ্বারা বিভক্ত। অন্যদিকে চন্দনপুর ইউনিয়নের একাংশ ইছামতি নদী এবং বাকি অংশ স্থলসীমান্ত দ্বারা ভারতের সঙ্গে সংযুক্ত।

নদীপথের তুলনায় স্থলসীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় চন্দনপুর ইউনিয়নের হিজলদী, সুলতানপুর ও গোয়ালপাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সুলতানপুর বিওপির কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, আমাদের বিওপির অধীনে প্রায় সাড়ে চার কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক কঠোর নজরদারি চালানো হচ্ছে।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবীর জানান, সীমান্ত এলাকায় হ্যান্ড মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। বিজিবি ও স্থানীয়দের যৌথ পাহারা, রাতের টহল এবং টর্চলাইটের মাধ্যমে নজরদারিও জোরদার করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া ইনচার্জ সার্জেন্ট মিলন বলেন, সাতক্ষীরা সীমান্তে অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়