আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সান্তাহারে ইয়াবাসহ বাসযাত্রী আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ মিন্টু আলী প্রাং (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মিন্টু নওগাঁর আরজী নওগাঁ মধ্যপাড়ার মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার হবীর মোড় নামক স্থানে হানি এন্টারপ্রাইজ বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার হবীর মোড়ে ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
"








































