ক্রীড়া ডেস্ক

  ০৪ জুলাই, ২০২৬

‘ব্রাজিল সমর্থকরা আমার কাছে সবসময়ই স্পেশাল’

বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করার রাতটি শুধু পর্তুগালের জন্যই নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্যও ছিল স্মরণীয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে এ ম্যাচ না জিতলে রোনালদোর পথচলা এখানেই থেমে যেত। তবে লুকা মদরিচদের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ের পর ব্রাজিলের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন পর্তুগিজ অধিনায়ক।

ম্যাচ শেষে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল ‘কাজে টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিলের মানুষের সঙ্গে কথা বলাটা আমার কাছে সবসময়ই শতভাগ স্পেশাল। শুধু সেখানে আমার পরিবার আছে বলেই নয়, ব্রাজিলের মানুষকে আমি সত্যিই খুব পছন্দ করি।’ ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পর্তুগিজ তারকা বলেন, ‘পুরো ক্যারিয়ারজুড়েই ব্রাজিলিয়ানদের কাছ থেকে অঢেল ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এ সুযোগে সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। এখানে আসতে পারাটা দারুণ আনন্দের।’ ক্রোয়েশিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালের হয়ে নকআউট পর্বের জট খোলেন রোনালদো। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১১। একইসঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল তার প্রথম গোল।

তবে ম্যাচটি ছিল দুই কিংবদন্তির শেষ ম্যাচের গল্প। রোনালদোর গোল পর্তুগালকে পৌঁছে দেয় শেষ ১৬-তে। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিদায়ের সঙ্গে বিশ্বকাপ অধ্যায়ের ইতি টানেন লুকা মদরিচ, যা তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারেরও সমাপ্তি বলা চলে। নিজের পেনাল্টি নিয়ে রোনালদো বলেন, ‘আমার মনে হচ্ছিল ম্যাচটা পেনাল্টিতে গড়াবে। তাই আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কাজটা সহজ ছিল না। আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু নিজের প্রবৃত্তির ওপর বিশ্বাস রেখেছিলাম। আমি জানতাম, গোল করতে পারব। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মুহূর্তটি আমাদের সবার জন্য খুবই আবেগের ছিল।’ ‘গোল করার পর বিশ্বাস জন্মেছিল, আমরা ম্যাচটি জিততে পারব। স্বাভাবিকভাবেই আমি খুব খুশি’, যোগ করেন রোনালদো।

শেষ ষোলোয় উঠেই অবসর নিয়ে মুখ খুললেন রোনালদো : নকআউট ম্যাচের আগ মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল কথাটা। সূত্রটাও যেনতেন কেউ নয়। খোদ রোনালদোর বোন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে টরন্টো স্টেডিয়ামের বাইরে বোন কাতিয়া এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন, ‘আমার বিশ্বাস এটাই তার শেষ।’ এ নিয়ে ম্যাচ শেষে মুখ খুলেছেন খোদ পর্তুগিজ অধিনায়ক। তবে বোনের দেওয়া অবসরের বার্তা এক প্রকার উড়িয়ে দিলেন ৪১ বছর বয়সি এ মহাতারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, এ মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষে পরিবারের সঙ্গে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব। আরো যোগ করেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। সবকিছুই শান্তভাবে করি। এ মুহূর্তটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে ম্যাচ শুরুর মুখে বোন কাতিয়া আভেইরো স্টেডিয়ামে এসে জোর দিয়ে বলেছিলেন, ‘আমার কাছে থাকা নির্ভরযোগ্য তথ্যানুযায়ী, সমর্থকরা এবার তাকে (জাতীয় দল থেকে) বিদায় জানাতে পারেন। আজই নয়, তবে আমার মনে হয় এটাই তার শেষ (লাস্ট ডান্স)।’ প্রসঙ্গত, টরন্টোতে রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপে পিছিয়ে পড়ার পর পেনাল্টি শট থেকে ঠাণ্ডামাথায় গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ বা নকআউট পর্বে গোলের দেখা পেলেন সিআরসেভেন।

পরে গঞ্চালো রামোসের ৯৪ মিনিটের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে রোনালদোরা। পরের ধাপে তাদের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়