ক্রীড়া ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

শুরুর আগেই শেষ! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তরুণ

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে উরুর পেশিতে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন ১৮ বছর বয়সি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সামনে রেখে গত শুক্রবার শিকাগোতে নিবিড় অনুশীলনে ব্যস্ত ছিল ডাই ম্যানশ্যাফটরা। সেখানে বাম উরুর পেশি ছিঁড়ে যায় কার্লের। চোটের পরপরই বায়ার্ন মিউনিখের এই তরুণ তারকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন কার্ল। ক্লাবটিকে ঘরোয়া ডাবল (লিগ ও কাপ) জেতানোর পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপের ঠিক মুখে এমন এক প্রতিভাকে হারিয়ে হতাশ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, ‘ লেনির (লেনার্ট কার্ল) জন্য আমার খুব খারাপ লাগছে। তার খেলা, সৃজনশীলতা, গতি এবং ব্যক্তিত্ব আমাদের দলের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিল। এটা লেনির নিজের জন্য এবং আমাদের পুরো দলের জন্যই এক বিরাট ধাক্কা। তবে সান্ত্বনা একটাই, সে এখনো অনেক তরুণ এবং সামনে তার দীর্ঘ ক্যারিয়ার ও অনেক টুর্নামেন্ট পড়ে আছে।’

এদিকে কার্লের আকস্মিক বিদায়ে ভাগ্য খুলেছে আসান ওয়েদ্রাওগোর। তার পরিবর্তে দ্রুত দলে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। ২০২৫ সালে স্লোভাকিয়ার বিপক্ষে জার্মানি জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ওয়েদ্রাওগোর, যেখানে বদলি নেমেই একটি দুর্দান্ত গোল করেছিলেন তিনি। এরপর হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়