ক্রীড়া ডেস্ক
মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা একরকম নিশ্চিতই। এমনকি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা তারকাকে নিয়ে স্বস্তির খবরই দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচে গত ২৪ মে ৭৩তম মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। একটি ফ্রি কিক নেওয়ার পর তিনি বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন। পরের কিছুটা সময় তিনি ঠিকমতো দৌড়াতে পারছিলেন না। এক পর্যায়ে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে ওঠে যান। মায়ামি পরে বিবৃতিতে জানিয়েছিল, ‘তার বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কার্যক্রমে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।’ এরপর থেকেই তার শারীরিক অবস্থার অগ্রগতি নিয়ে ছিল অনেক কৌতূহল। শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে স্কালোনি জানালেন, পুরো সময় না হলেও প্রস্তুতি ম্যাচগুলোতে কিছু সময়ের জন্য খেলতে পারেন মেসি।
‘লিও ভালো আছে। একটি অংশে সে দলের সঙ্গে অনুশীলন করেছে, যা গুরুত্বপূর্ণ। এটির মানে পুরোপুরি আলাদা অনুশীলন করছে না। সে উন্নতি করছে।’ ‘হয়তো প্রীতি ম্যাচগুলোর অংশ হতে পারে সে। এই দুটি প্রীতি ম্যাচে কিছু সময় খেলার সুযোগ পেতে পারে। আমরা দেখব সেটা রবিবারের ম্যাচটিতে হয়, নাকি তার পরেরটিতে।
তবে সে এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে। হন্ডুরাসের বিপক্ষে এই ম্যাচের পর মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্কালোনি-মেসির দল।
"









































