ক্রীড়া ডেস্ক
পরিসংখ্যানে ২০২৬ বিশ্বকাপের অন্য রূপ

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই উত্তর আমেরিকায় পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬ আসরের। চূড়ান্ত হয়ে গেছে দলগুলোর স্কোয়াড। আর এই দল ঘোষণার পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা চমৎকার কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে। বয়স, উচ্চতা, ক্লাবের প্রতিনিধিত্ব আর গোলের হিসেবে এবারের বিশ্বকাপ যেন ভাঙা-গড়ার এক নতুন মঞ্চ। ফিফার সেই বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হলো-
প্রিমিয়ার লিগের জয়জয়কার ও ক্লাবের লড়াই : এবারের বিশ্বকাপে ক্লাব ফুটবলের রাজত্ব ধরে রেখেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের সর্বোচ্চ ২০০ জন খেলোয়াড়ই খেলেন ইংলিশ ক্লাবগুলোতে। এরপর যথাক্রমে আছে জার্মানি (১০৯) ও ফ্রান্স (৮৬)। ক্লাব হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির। আলজেরিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড থেকে শুরু করে উজবেকিস্তান পর্যন্ত দলগুলোতে সিটির মোট ১৯ জন তারকা খেলছেন। ১৮ জন খেলোয়াড় নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ।
৪১-এর রোনালদো ও ‘ছক্কার’ রেকর্ড : টুর্নামেন্ট শুরুর দিন ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স হবে ৪১ বছর ১২৬ দিন। বিশ্বকাপে মাঠে নামলেই রজার মিলা, ফারহাদ মন্ড্রাগন ও এসাম এল হাদারির পর তিনি হবেন ইতিহাসের চতুর্থ প্রবীণতম খেলোয়াড়। পর্তুগিজ মহাতারকার পরেই আছেন মেক্সিকোর ওচোয়া (৪০) ও ক্রোয়েশিয়ার লুকা মদরিচ (৪০)।
অন্যদিকে, লিওনেল মেসি, রোনালদো এবং গিলের্মো ওচোয়া- এই তিন মহাতারকা নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন। তবে ওচোয়া প্রথম দুই বিশ্বকাপে বেঞ্চে থাকায় মেসি ও রোনালদোই হতে যাচ্ছেন ইতিহাসের প্রথম দুই ফুটবলার, যারা মাঠের লড়াইয়ে নামবেন টানা ছয়টি বিশ্বকাপে!
বয়সের দুই পিঠ : লর্ডসে শেষবারের মতো নামার আগে স্মৃতিকাতর উইলিয়ামসন। এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় মেক্সিকোর ১৭ বছর বয়সি বিস্ময়বালক জিলবার্তো মোরা। মেক্সিকোর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলেই পেলে, স্যামুয়েল ইতোর পাশে ইতিহাসের ষষ্ঠ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন এই মিডফিল্ডার। মজার ব্যাপার হলো, তার সতীর্থ গোলকিপার ওচোয়া যখন নিজের প্রথম বিশ্বকাপে ব্যাক-আপ হিসেবে ছিলেন, তখন মোরার জন্মই হয়নি!
মেসি-এমবাপ্পের গোলের লড়াই : আসন্ন বিশ্বকাপের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৩টি বিশ্বকাপ গোল নিয়ে শীর্ষে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (১২)। এরপরই আছেন হ্যারি কেইন ও নেইমার (৮)। তবে ১৬ গোল নিয়ে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ডটি এখনো জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে।
উচ্চতার আকাশ-পাতাল ফারাক : বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখাতে যাচ্ছেন অস্ট্রিয়ার ২.০৫ মিটার (প্রায় ৬ ফুট ৯ ইঞ্চি) লম্বা গোলকিপার ফ্লোরিয়ান উইগেল। অন্যদিকে, এবারের আসরের সবচেয়ে খাটো খেলোয়াড় পানামার সিজার ইয়ানিস, যার উচ্চতা মাত্র ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)। গ্রুপ পর্বে যখন পানামা ও ইংল্যান্ড মুখোমুখি হবে, তখন মাঠের লড়াইয়ে ফুটবলের পাশাপাশি এই উচ্চতার বৈচিত্র্যও দেখার মতো এক দৃশ্য হবে!
"









































