শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ফিরিয়ে নিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পরে তারা সীমান্তের নোম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নেয়। তবে গতকাল শনিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই ব্যক্তিরা নোম্যানস ল্যান্ডসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করেন পরে নোম্যানস ল্যান্ড থেকে তাদের ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয় এবং সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে। তিনি আরো জানান, শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। পরে বিএসএফ ওই ২০ জনকে নোম্যানস ল্যান্ড থেকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সতর্কাবস্থান নেন। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়