নিজস্ব প্রতিবেদক

  ১৫ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন হয়েছে

- স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন আরব আমিরাতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে বর্তমানে ছয়টি মামলা চলমান। এর মধ্যে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে, আর বাকি মামলাগুলো তদন্তাধীন। এ বিষয়ে আজ রবিবার আনুষ্ঠানিকভাবে অগ্রগতির তথ্য জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) ব্যবস্থার মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতারাতি এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব না হলেও এলাকাটিকে ঘিরে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুলিশ বাহিনী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালনে আমরা কঠোর। কর্তব্যে অবহেলা, দুর্নীতি কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের জন্য পুলিশ সদস্যদের জবাবদিহির আওতায় আনা হবে। একইসঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কারের ব্যবস্থাও থাকবে।’ তিনি আরো বলেন, ‘২৩ জুনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থানে রাখা হয়েছে।’ নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে ‘কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল’ বলে বর্ণনা করেন।

ইন্টারপোলের রেড নোটিশ জারির পর ১২ জুন দুবাইয়ে আটক হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীরের বিরুদ্ধে করা মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করে প্রত্যর্পণ আবেদন আরব আমিরাতের কাছে পাঠানো হয়েছে। দেশটির আদালত বিষয়টি পর্যালোচনা করে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগও থাকবে বেনজীর আহমেদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়