মো. জাহিদুল ইসলাম

  ১২ ঘণ্টা আগে

আধিপত্যের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’কে হত্যাচেষ্টা

দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার এক মাসের মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ (৫০), যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত।

গোয়েন্দাদের ধারণা, রামপুরা-হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং পুরোনো বিরোধসহ একাধিক কারণে তার ওপর হামলার ঘটনা ঘটতে পারে। বিশেষ করে মুক্তির পর এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা এবং প্রভাব বিস্তারের উদ্যোগ প্রতিপক্ষ গ্রুপগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। হামলার ঘটনায় আন্ডারওয়ার্ল্ডের আরেক পরিচিত নাম ‘কাইল্লা মাসুদ’-এর নাম সামনে এলেও এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রামপুরা এলাকায় ইন্টারনেট ব্যবসা, ডিশ সংযোগ, নির্মাণসামগ্রী সরবরাহ, স্থানীয় ঠিকাদারিসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছিলেন পলাশ। দীর্ঘদিন কারাগারে থাকলেও তার অনুসারীদের একটি অংশ এলাকায় সক্রিয় ছিল। ফলে তিনি আবারও নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন কি না, সেটিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

গোয়েন্দারা জানান, গত ৭ মে জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ইয়াছিন খান পলাশ স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রামপুরার নিজ বাসায় বসবাস শুরু করেন। পরিবারের দাবি, দীর্ঘ কারাভোগের পর তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন।

তবে গোয়েন্দা তথ্য বলছে, মুক্তির পর তিনি এলাকায় নিজের পুরোনো যোগাযোগ পুনর্গঠন এবং কিছু ব্যবসায়িক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

গোয়েন্দাদের একটি সূত্র জানায়, পলাশ যে এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন, সেটি দীর্ঘদিন ধরে আন্ডারওয়ার্ল্ডের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জিসান ওরফে মন্টি এবং কারাবন্দি সুব্রত বাইনের অনুসারীদের প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত।

হামলার ঘটনায় পলাশের পরিবারের পক্ষ থেকে সরাসরি আরেক শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা মাসুদ’-এর নাম উল্লেখ করা হয়েছে। পলাশের ভাইয়ের দাবি, হামলার সময় মাসুদ নিজেই পলাশকে লক্ষ্য করে গুলি চালায়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ২০০২ সালে যুবদল নেতা মিজান হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় পলাশের নাম আলোচিত হয়। এসব ঘটনার কারণে তার বিপক্ষে দীর্ঘদিন ধরে একাধিক পক্ষের ক্ষোভ ও প্রতিশোধস্পৃহা তৈরি হয়েছিল।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন পর কোনো শীর্ষ সন্ত্রাসীর এলাকায় প্রত্যাবর্তন প্রায়ই নতুন সংঘাতের জন্ম দেয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রতিদিনের সংবাদকে বলেন, ‘ইয়াছিন খান পলাশ চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেলের আইসিইউ কেবিনের ১৭ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন পলাশ। ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির বিষয়ে কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পুরোনো দ্বন্দ্ব, আধিপত্যের রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থের সংঘাতের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়