গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শনের সমাপনী অনুষ্ঠিত

"মেধা- বিজ্ঞান- উদ্বোধনের দেশ" সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ভাবনা প্রদর্শন কর্মসূচির পুরস্কার হিসেবে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার বিকেলে জেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএস), এসইডিপি মাধ্যমিক, উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শ্রেণী কক্ষে নির্বাচিত ক্ষুদে বিজ্ঞানীদের এই সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধন শেষে প্রজেক্টের স্টলগুলো ঘুরে দেখেন জেলা প্রশাসক।
জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ। সভায় প্রত্যেক উপজেলার একাডেমিক সুপারভাররা উপস্থিত ছিলেন।
জেলার সাত উপজেলার ৭টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ড্রাইভিং মোটর সিস্টেম, ইমোশনাল শোপিছ, স্মার্ট রেলওয়ে সিষ্টেম ব্যাসড স্মার্ট সিটি ৭টি প্রজেক্টের ষ্টল বসানো হয়। বিচারকদের মুল্যায়নের ভিত্তিতে প্রথম স্থান অর্জন করে পলাশবাড়ীর গ্রীন ফিল্ট স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় গোবিন্দগঞ্জের চকমানিকপুর আমিনীয়া কামিল মাদ্রাসা ও তৃতীয় সদরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ।
উল্লেখ্য গত ১২ জুন শুক্রবার জেলার ৭ উপজেলার ৯০ টি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের অংগ্রহনে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম স্থান অর্জন করা দলটি জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে।
পিডিএস/এমএইউ









































