ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনেরিওর পশ্চিমাঞ্চলে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বর্তমানে ব্রাজিলে অবস্থান করা মার্কিন গায়ক ও গীতিকার অলিভার ট্রি দুর্ঘটনাকবলিত একটি হেলিকপ্টারে ছিলেন। ক্র্যাশ করার পর ওই হেলিকপ্টারের সব আরোহীই মারা গেছেন।
সংগীতশিল্পী ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অলিভার ট্রিসহ মোট ছয়জন আরোহীর নাম দুটি বিমানের ফ্লাইং ম্যানিফেস্টে পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় এখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রিও ডি জেনেরিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে জানিয়েছেন, ‘দুর্ঘটনাকবলিত একটি উড়োজাহাজে বিদেশি নাগরিকরা ছিলেন।’
ফায়ার সার্ভিস জানায়, মাঝআকাশে সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়েছে। এতে তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায়। সেখানে পার্কিংয়ে থাকা অন্তত ২০টি গাড়ি আগুনে পুড়ে যায়। সূত্র : ডন









































