কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত মুশফিকুর রহমান এমপি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদ সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, বাজেট বাস্তবায়ন, রাজস্ব ব্যবস্থাপনা ও আর্থিক খাতের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মুশফিকুর রহমান এমপি এর আগে ২০০১ সালের সংসদেও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তাঁকে এ দায়িত্বের জন্য উপযুক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুশফিকুর রহমান এমপি এ কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কসবা-আখাউড়া অঞ্চলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি কসবা-আখাউড়ার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এদিকে, তাঁর এ নির্বাচনে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর সফল দায়িত্ব পালন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
পিডিএস/এমএইউ









































