বিনোদন প্রতিবেদক
হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে গাইলেন শাপলা

হেমন্ত মুখোপাধ্যায় একজন কিংবদন্তি বাঙালি শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন। রবীন্দ্র সংগীতের অন্যতম শ্রেষ্ঠ একজন শিল্পী ছিলেন তিনি।
গুণী এই সঙ্গীতশিল্পীর জন্মদিন ছিল ১৬ জুন। এই দিনে শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শাপলা পাল হেমন্ত মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানটি কাভার করে ‘শাপলা পাল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। যার মিউজিক রিঅ্যালেঞ্জম্যান্ট করেছেন মনির উদ্দিন। প্রজেক্ট সুপারভিশন এবং প্রযোজক হিসেবে ছিলেন অরিজিৎ চৌধুরী। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর সঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন শাপলা। অতি সাধারণভাবে নিজেকে মিউজিক ভিডিওটিতে তুলে ধরেছেন শাপলা পাল।
তিনি বলেন, ‘শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এই উপমাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী। মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এমন গুণীজনেরা আমরা পৃথিবীতে আসার আগেই বা আসার পরপরই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাদের সান্নিধ্যে যাওয়াতো দূরের কথা, তারা পৃথিবীতে আছেন এমন সময়টাতেও যদি পৃথিবীতে বসবাস করতাম, গর্ব করে বলতে পারতাম যে আমরা তার সময়কালের শ্রোতা।
একজন হেমন্ত মুখোপাধ্যায়কে কতোটা ভালোবাসি, কতোটা শ্রদ্ধা করি তা সত্যিই আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। শুধু এতোটুকু বলি, তার গানের সঙ্গেই আমার নিত্য বসবাস। কতো যে ভালোবাসি তার গান। সেই ভালোলাগা এবং শ্রদ্ধাবোধ থেকেই তার জন্মদিনে এই গানটি কাভার করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর চেষ্টা করেছি। ভালো গাইতে পারিনি, চেষ্টা করেছি মাত্র।’
"









































