বিনোদন প্রতিবেদক

  ১৭ জুন, ২০২৬

লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়েই নাযাহর বাজিমাত

দীর্ঘদিনের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবারই প্রথম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া কেউ ‘লাক্স’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০২৫-এ প্রথম রানার আপ হয়েছিলেন পাবনার ঈশ্বরদীর মেয়ে মাইলস্টোন থেকে সদ্য এইচএসচি দেওয়া নাযাহ নাওয়ার। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে তিনি পাঁচ লাখ টাকা পাওয়াসহ চুক্তি অনুযায়ী শিহাব শাহীনের ওয়েব ফিল্মে কাজ করা, সিএমভির নাটকে কাজ করার কথা। কিন্তু তার আগেই নাযাহর সুযোগ এলো লাক্সেএর বিজ্ঞাপনে কাজ করার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাসেল শিকদার। এরইমধ্যে বিজ্ঞাপনটি প্রচারে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে নাযাহকে নিয়ে। দারুণ সাড়া পাচ্ছেন তিনি। এতো অল্প সময়ের মধ্যে তিনি এরকম সাড়া পাবেন তা তার কল্পনাতেও ছিল না। আবার এটাও সত্যি যে, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর সাধারণত যিনি চ্যাম্পিয়ন হন তাকে দিয়েই লাক্সের বিজ্ঞাপন নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিনের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নাযাহ তার যোগ্যতা অনুযায়ীই লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পেলেন এবং বিজ্ঞাপনে তার গ্ল্যামারাস উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে। সাধারণত চ্যাম্পিয়নেই কোনো কোনো কাজের মধ্যদিয়ে অভিষেক হয় আগে। কিন্তু এবার নাযাহর অভিষেক হলো সবার আগে।

কেমন সাড়া পাচ্ছেন নাযাহ নাওয়ার, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে আমার অভিষেক হবে, বিষয়টা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি জানিনা ঠিক কেন, কী কারণে আমি এই বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছি। তবে শুধু এটুকু বলতে পারি আমাকে যখন চূড়ান্তভাবে এই কাজের জন্য নির্বাচিত করা হলো- আমার শুধু ধ্যান জ্ঞান ছিল যেন কাজটা পুরো শতভাগ মনযোগ দিয়ে করতে পারি। বিজ্ঞাপনটি প্রচারের পর যে বিস্ময়কর সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। আমি কৃতজ্ঞ বহুজাতিক ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার ও লাক্স চ্যানেল আই পরিবারের কাছে, কৃতজ্ঞ বিজ্ঞাপনটির নির্মাতার কাছে, কৃতজ্ঞ দর্শকের কাছে- আমাকে অভিষেকেই এতো অনুপ্রেরণা দেবার জন্য। আর স্বপ্ন হলো একজন ভালো অভিনেত্রী হবার। আমি যেমন আমার সিনিয়র শিল্পীদের অভিনয়, ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। অন্য সাধারণ মেয়েরাও যেন আমার অভিনয়ে, আমার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অভিনেত্রী হবার স্বপ্ন দেখে।’

নাযাহর বেস্ট ফ্রে- তার বোন নীলিমা এবং ফারিয়া। নাযাহর বাবা মো. নূরুল ইসলাম মণ্ডল একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, মা তাফরিনা আক্তার গৃহিণী। নাযাহর খুবই ভালোলাগে বিপাশা হায়াত, জয়া আহসান, অপি করিম এবং মেহজাবীন চৌধুরীর অভিনয়। অভিনয়ে নিজেকে প্রস্তুত করেই সিনেমাতে অভিনয়ের স্বপ্ন তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়