বিনোদন প্রতিবেদক
মাকে নিয়ে বাদশা বুলবুলের গান

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী বাদশা বুলবুল তার দীর্ঘ সংগীতজীবনে এবারই প্রথম মাকে নিয়ে কোনো গান গাইলেন। মেধাবী গীতিকবি আকিল এলাহীর লেখা ‘মা’ শিরোনামের গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। গানটির সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং সংগীতায়োজন করেছেন জেকে মজলিস। তবে করোনা পরিস্থিতির কারণে এখনো গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হয়নি।
বাদশা বুলবুল বলেন, “গানের গীতিকার আকিব এলাহী অত্যন্ত মেধাবী একজন গীতিকার। বেশ আবেগ দিয়ে তিনি গানটি লিখেছেন। আর মান্নান ভাইও অসাধারণ সুর করেছেন। গানটি আমি নিজেই যতবার শুনি ততবারই আমি ভীষণ আবেগি হয়ে উঠি। চোখে পানি চলে আসে। সত্যি বলতে কী আমার মা আমার কণ্ঠের গান খুব ভালোবাসতেন। যে গান ভালো লাগত, সেই গান মা টিভিতে সরাসরি অনুষ্ঠান হলে তা শুনতে চাইতেন। আল্লাহ যেন আমার মাকে বেহেশত নসিব করেন। আর আমার ‘মা’ গানটি বিশে^র সব মাকে উৎসর্গ করেই আমি গেয়েছি। ভালো থাকুক পৃথিবীর সব মা।”
উল্লেখ্য, বাদশা বুলবুলের মা মিসেস মনোয়ারা বেগম ২০১৪ সালের ৯ জুন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন।
"









































