কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তোফায়েল হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তোফায়েল উপজেলার আকছিনা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে আকছিনা মডার্ন হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, বিকেলে কসবা রেলস্টেশনে ঘুরতে যান তোফায়েল। এ সময় এক বৃদ্ধ ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের সামনে বিপজ্জনক অবস্থায় পড়ে গেলে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। বৃদ্ধকে বাঁচানোর ওই চেষ্টার একপর্যায়ে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তোফায়েল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফায়েল ছিলেন অত্যন্ত মানবিক ও সাহসী একজন তরুণ। বিপদে মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সকালেও তিনি এক ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এমন মানবিক কাজ করতে গিয়েই শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করলেন তিনি।

কসবা রেলস্টেশনের স্টেশন মাস্টার হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

তোফায়েলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার সাহসিকতা ও মানবিকতার প্রশংসা করছেন স্থানীয়রা। অনেকেই তাকে একজন প্রকৃত মানবিক তরুণ হিসেবে স্মরণ করছেন।

আজ বাদ জুমআ আকছিনা কেন্দ্রীয় জামে মসজিদে তেফায়েলের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়