শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
নিখোঁজের ৩২ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৩২ ঘণ্টা পর নাঈম (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনের শেখেরঘাট এলাকার মাটিকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষের সঙ্গেও জড়িত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) রাত পৌনে ১২টার দিকে মাছের প্রজেক্ট দেখতে টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। প্রথমবার ফোন করলে তিনি কল কেটে দেন, পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিহতের বাবা জামাল উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার সময় নাঈমের পরনে একটি টি-শার্ট ও শর্ট প্যান্ট ছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদরাসার পেছনের শেখেরঘাট এলাকায় নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নাঈমের বলে শনাক্ত করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি ।
পিডিএস/এমএইউ









































