ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪

ক্রোয়েশিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ইস্ত্রিয়া উপদ্বীপের মেদুলিন টাউনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন ছিল এবং অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যদিও বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেদুলিন টাউনের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাতাসে অনিয়ন্ত্রিতভাবে পাক খেতে শুরু করে। এর কিছুক্ষণ পরই বিমানটি তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুই আরোহীর ভাগ্যে কী ঘটেছে বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।









































