কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে আরও এক শিশু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক শিশুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ও কায়েমপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছর বয়সী ছেলে সাফুয়ান সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। কিছু সময় পর তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি জলাশয়ে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে, সকাল সোয়া ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে জিসান (৪) ও ঝুমা আক্তার (৫) নামে দুই শিশু পাশের জমিতে জমে থাকা বর্ষার পানিতে ডুবে যায়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারের সদস্যরা শিশু দুজনকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন। অপর শিশু ঝুমা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, পৃথক দুটি ঘটনার বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেনি। তবে বিষয়টি জানার পর আমরা ঘটনাগুলোর খোঁজখবর নিচ্ছি।
একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
পিডিএস/এমএইউ









































