বিনোদন প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

কক্সবাজারে দেখানো হবে ‘বনলতা এক্সপ্রেস’

রোজার ঈদের ব্লকবাস্টার ছবি ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর ছবিটি বানিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে। দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও পেয়েছে ছবিটি। কিন্তু সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় এর প্রদর্শনীতে বাধা দিয়েছে স্থানীয়দের একাংশ। এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন শোবিজের মানুষেরা।

সংস্কৃতি চর্চায় এই প্রতিবন্ধতার বিপরীতে চলচ্চিত্র দিয়েই প্রতিবাদে নামছে কক্সবাজার ফিল্ম সোসাইটি। ৫ ও ৬ জুন দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে তারা। ‘কক্সবাজার টকিজ’ শিরোনামে এ প্রদর্শনী চলবে জেলার শহীদ সুভাষ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। এতে চারটি পূর্ণদৈর্ঘ্য ছবি ও দুটি তথ্যচিত্র প্রদর্শিত হবে। এ তালিকায় আছে আলোচিত ছবি ‘বনলতা এক্সপ্রেস’ও।

বুধবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এটি শুধু চলচ্চিত্র উৎসব নয়; বরং দেশের চলচ্চিত্র ও শিল্পচর্চার ওপর সাম্প্রতিক আক্রমণ এবং সাংস্কৃতিক সংকীর্ণতার বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান। ‘কক্সবাজার ফিল্ম সোসাইটি’র সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ‘শিল্প সবার জন্য। সিনেমা আজকের বিশ্বের অন্যতম শক্তিশালী ভাষা। মানুষের হাতে থাকা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসগুলোই প্রমাণ করে, চলচ্চিত্র চারদিকে ছড়িয়ে আছে। তাই নতুন প্রজন্মকে চলচ্চিত্র থেকে দূরে রাখার কোনো সুযোগ নেই।’

আজ ৫ জুন বিকাল ৩টায় উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। এরপর দেখানো হবে শাহীন দিল-রিয়াজ নির্মিত ডকুফিকশন ‘দ্য প্রজেকশনিস্ট’। সন্ধ্যা ৭টায় থাকবে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। ৬ জুন বিকাল ৩টায় দ্বিতীয় দিনের উদ্বোধনী ছবি ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এরপর থাকবে ফজলে রাব্বি নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তাদাত্ম অন্বেষ্ণণঃ দ্যা ইন্টার্নাল জার্নি’। সমাপনী ছবি হিসেবে ৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’।

প্রতিদিনের প্রদর্শনী দেখতে গুনতে হবে মাত্র ১০০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য এর অর্ধেক, ৫০ টাকা। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়