আন্তর্জাতিক ডেস্ক
কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩

বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন কেন্দ্র কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন।
কাতারএনার্জির পক্ষ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে যে ১৩ জন কর্মী প্রাণ হারিয়েছেন, তাঁরা সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। তবে নিহত ব্যক্তিদের মধ্যে নির্দিষ্ট করে কতজন ভারতীয় বা পাকিস্তানি রয়েছেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।
বিস্ফোরণে কারখানায় কর্মরত ৬৬ জন কর্মী আহত হয়েছেন। কাতারএনার্জি জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, কাতার, তানজানিয়া, ভারত, পাকিস্তান, গিনি, নেপাল, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি।
"





































