জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিচারকের আংটি চুরি, গ্রেপ্তার ৫

জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসার জানালার গ্রিল কেটে হীরার আংটি, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
চুরির রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের জন্য ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গত বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর থানার ওসি নাজমুস সাকিব। ঘটনাটি ঘটেছে গত ৩০ জুন রাতে।
গ্রেপ্তার হওয়া ৫ আসামির মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব সাবেক সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহারে বলা হয়, বিচারক আহমাদুল কবির সাকিল এবং বিচারক নুসরাত জেরিন জেনী জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় প্রায় সাত মাস ধরে বসবাস করছেন। তারা দুইজন জামালপুর আদালতের মেলান্দহ ও দেওয়ানগঞ্জের সিভিল জজ আদালতের বিচারক হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার দিন বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রী বিচারক জেনীকে জামথল ঘাটে বেড়াতে নিয়ে যান। পরে ওই বিচারক দম্পতি রাত ৮টার দিকে বাসায় ফিরে মূল দরজা খুলতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দেখা যায়, দুর্বৃত্তরা শয়নকক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকার ও হীরের আংটিসহ মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৮৩ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পর দিন জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. ছরওয়ার জাহান সিদ্দিকী বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে একই ভবনের অন্য বাসার গৃহকর্মী নিলুফাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বিচারকের বাসার গৃহকর্মী হাওয়া বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিলুফার (৩২) বাড়ি জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে, হাওয়া বেগমের (৩০) বাড়ি সদর উপজেলার শাহাবাজপুর সরদারপাড়া গ্রামে, চাঁন মিয়া ওরফে কালাচাঁনের (৫০) শহরের আমলাপাড়া এলাকার ভ্যানচালক, জামালপুর পৌরশহরের গোলাপবাগ এলাকায় সুমন মিয়া এবং নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লবের বাড়ি শহরের কলেজ রোড এলাকায়। এর মধ্যে সুমন মিয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব সাবেক সহসাংগঠনিক সম্পাদক।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমন বলেন, ‘গ্রেপ্তার সুমন এবং বিপ্লব গত কমিটির পদে থাকা নেতা। তারা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেউ না।’
জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চুরির মূল পরিকল্পনা, চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের পলাতক সদস্যদের শনাক্ত করতে ৪ জনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে গৃহকর্মী নিলুফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।
"






































