আব্দুস সালাম বাবু, বগুড়া
বগুড়ার ‘বাদশা বাহাদুর’ জাতীয় চিড়িয়াখানায়

বিভিন্ন এলাকায় সার্কাস দেখানো হচ্ছিল বগুড়ার মহাস্থানের হাতি ‘বাদশা বাহাদুর’কে দিয়ে। তবে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে ‘বাদশা বাহাদুর’ অসুস্থ হয়ে পড়েছিল, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। হাতিকে সুস্থ রাখতে ওই প্রাণিটির যথাযথ পরিচর্যা নিশ্চিত করতেই ‘বাদশা বাহাদুর’কে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতির মালিকের সঙ্গে আলোচনা করলে ‘বাদশা বাহাদুর’ নামের হাতির মালিক আব্দুস সবুর স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে ‘বাদশা বাহাদুর’ এখন জাতীয় চিড়িয়াখানায়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিকট হাতিটি হস্তান্তর করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান, জেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান উপস্থিত ছিলেন।
হাতির মালিক আব্দুস সবুর জানান, তিনি নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন, তবে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে এটিকে আমি হস্তান্তর করেছি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হাতিটি হস্তান্তর করা হলো। তিনি আরো জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।
এদিকে রাতেই হাতিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, জেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। ঢাকায় পৌঁছে রাতেই ‘বাদশা বাহাদুর’কে হস্তান্তর করেন জাতীয় চিড়িয়াখানায়। শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী বলেন, হাতির বিশ্রাম দরকার, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে দাঁতের আঘাত রয়েছে। তার চিকিৎসা ও বিশ্রাম প্রয়োজন। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান জানান, রাতেই হাতিকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখানে নিরাপদে ও সুস্থ থাকবে হাতি।
জেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাতিকে নিরাপদে জাতীয় চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রাণিসম্পদক অধিদপ্তরের কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। আর যেন কেউ প্রাণিদের কষ্ট দিয়ে অর্থ উপার্জন না করে, প্রাণিদের অবশ্যই সুচিকিৎসা ও পুষ্টিকর খাবার দিয়ে লালন-পালনের আহ্বান জানান তিনি।
"







































