কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরিসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। তবে স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। জানা গেছে, গভীর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার কাটার উদ্দেশ্যে ঘটনাস্থলে যান আনন্দ। একটি লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে ধারণা করে তারা কাজ শুরু করেন। কিন্তু পাশের আরেকটি লাইনে তখন বিদ্যুৎপ্রবাহ চলমান ছিল। একপর্যায়ে খুঁটি থেকে বিচ্ছিন্ন করা তার টানতে গেলে সেটি সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে শকে ঘটনাস্থলেই প্রাণ হারান আনন্দ। অন্যরা দ্রুত স্থান ত্যাগ করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গতকাল বুধবার সকালে স্থানীয়রা নিহতের দুই সহযোগীকে চুরি করা তারসহ আটক করেন। আটকরা হলেন মূলগাঁও এলাকার আশিক এবং বাঘেরপাড়া এলাকার খাইরুল। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়