পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৭টি ফলদ ও বনজ গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা। তবে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
অভিযোগে জানা যায়, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার এবং তার অফিসের প্রশাসনিক কর্মকর্তা মঈনুল হক সম্প্রতি গোপনে ইউএনওর বাসভবন সংলগ্ন এলাকার ৫টি মেহগনি, একটি আম এবং ১টি জাম্বুরা গাছ কেটে বিক্রি করেছেন। এর প্রতিকার চেয়ে পীরগঞ্জের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা খয়রাত আলী গত ২৯ এপ্রিল জনপ্রশান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সচিবের কাছে পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন। কর্তন করা গাছগুলোর অনুমান মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়। যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা খয়রাত আলী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ খবর জানার পর ইউএনও বিষয়টি ম্যানেজ করার জন্য কয়েক দিন ধরে এলাকার ২ জন চেয়ারম্যান এবং একজন সরকারি কর্মকর্তাকে তার (খয়রাতের কাছে) কাছে কথা বলতে পাঠিয়েছেন।
এ বিষয়ে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারকে ফোন করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। অভিযোগ হয়েছে শুনেছেন। তবে তদন্ত কমিটি গঠন হয়েছে কি না তা তিনি জানেন না। এ বিষয়ে তিনি কারো কাছে কাউকে পাঠানি বলে জানান।
"







































