নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে ৩ মাসব্যাপী অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও বৃষ্টির পানি বা অন্য কোনো স্বচ্ছ পানি জমে থাকতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার প্রজননের প্রধান উৎসই হলো জমে থাকা পরিষ্কার পানি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। সচেতনতা বৃদ্ধির পরও কোথাও অবহেলা দেখা গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেসব স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে। সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, সিটি করপোরেশনের জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রবিবার থেকে এক সপ্তাহব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে।

তিনি বলেন, ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সরকার আগেই সতর্ক ছিল। সে অনুযায়ী সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র‌্যালিতে অংশ নেন।

রবীন্দ্র সরোবরে অনুমোদনহীন মেলা উচ্ছেদ : এদিকে রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া আয়োজন করা একটি মেলা উচ্ছেদ করা হয়েছে। সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে এসে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম অনুমোদনহীন মেলাটি দেখতে পান এবং ক্ষোভ প্রকাশ করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে মেলাটি উচ্ছেদের নির্দেশ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়