নড়াইল প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৯

স্কুলের মাঠ দখল করে দোকান বানিয়ে ভাড়া

নড়াইলের কালিয়া উপজেলায় ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের জায়গা দখল করে স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম শেখ দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। পিরোলী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শেখ ২০১১ সালে অবৈধভাবে দোকানঘর নির্মাণের পর সুজল হোসেনের কাছে ১ হাজার ৭০০ টাকায় ভাড়া দিয়েছেন। দোকানটির নাম ‘সুজল বুক হাউস অ্যান্ড বিকাশ পয়েন্ট’। অবৈধ এ ঘরের কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে। এছাড়া মাঠে খেলাধুলা করছে পারছে না স্থানীয় শিশু-কিশোররা। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদ একাধিকবার বিভিন্ন দফতরে লিখিত ও মৌখিকভাবে জানিয়েও কাজ হয়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন জানান, সর্বশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি স্কুল পরিচালনা কমিটির সভায় দোকান ঘরটি অপসারণ করে বিদ্যালয়ের প্রবেশপথটি পুনরুদ্ধারসহ সংস্কারের বিষয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অবৈধভাবে নির্মিত দোকান ঘরটি অপসারণের জন্য জেলা প্রশাসক, কালিয়া ইউএনও, এসিল্যান্ড, ইউনিয়ন তহশিলদার ও বোর্ড অফিসে আবেদন করা হয়। তবে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

স্থানীয় পেরোলী কলেজের ছাত্র মিনারুল ভূঁইয়া বলেন, আমি এই স্কুলের শিক্ষার্থী ছিলাম। অবৈধভাবে দোকান ঘর তৈরির কারণে বিদ্যালয়ের রাস্তা দখল হয়ে গেছে। এতে মাঠের মধ্যদিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এছাড়া ফুটবল খেলার সময়ও সমস্যা হয়।

এদিকে ভয়ে ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। পার্শ্ববর্তী পশ্চিম পিরোলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও মুখ খোলেননি।

যুবলীগ নেতা নজরুল ইসলাম শেখ এ ব্যাপারে বলেন, বিদ্যালয়ের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করিনি। জায়গাটি পিরোলী বাজারের। আমার মতো অনেকে বাজারের জায়গায় দোকানঘর তৈরি করেছেন। আমারটা উচ্ছেদ করতে হলে অন্যদেরটাও উচ্ছেদ করতে হবে।

স্থানীয় পেরোলী ইউনিয়নের মেম্বার মো. হামিদুল শেখ বলেন, এ ঘরটির কারণে শিক্ষার্থীরা ধুলা-কাদা মাড়িয়ে স্কুলে যাতায়াত করে। এ ঘর অপসারণের জন্য অনেকবার পদক্ষেপ নেওয়া হলেও নজরুল স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বার বার সংশ্লিষ্ট ইউএনও অফিসে যোগাযোগ করেও কাজ হয়নি। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়