reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা ১৮ আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ আরিফুলের

ছবি : প্রতিদিনের সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত-এনসিপিসহ ১১ দলের 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোটের প্রার্থী আরিফুল ইসলাম।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

আরিফুল ইসলাম বলেন, 'আমার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমাদের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।এমনকি ভোটকেন্দ্রে গেলে 'দেখে নেওয়া হবে'- এমন হুমকিও দেওয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।'

তিনি বলেন, 'কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার সময় আমার ওপর সরাসরি হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলেও তিনি প্রকাশ্যে এখনও বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন।'

গণসংযোগের বিষয়ে তিনি আরো বলেন, 'ঢাকা-১৮ আসনের অধিকাংশ ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে রেললাইনের এপাশের উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত। এসব এলাকায় গ্যাস সংকটের পাশাপাশি পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। রাস্তাঘাট, পানি ও ড্রেনেজ ব্যবস্থারও বেহাল দশা। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকারভিত্তিতে কাজ করব এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেব।'

এর আগে, এদিন সকাল ৯টায় উত্তরখানের খুঞ্জুরদিয়া থেকে গণসংযোগ শুরু করেন আরিফুল ইসলাম। এরপর সকাল ১০টায় উজামপুর, সকাল ১১টায় মাউসাঈদ এবং দুপুর ১২টায় পুলারটেক এলাকায় গণসংযোগ করেন তিনি।

পরে বিকাল তিনটা থেকে রসুলপুর, আদম আলী মার্কেট, গোয়ালটেক ও টিআইসি কলোনিতে গণসংযোগ করেন আরিফুল ইসলাম। এরপর বিকাল সাড়ে চারটা থেকে ফায়দাবাদ চৌরাস্তা, কফিল মার্কেট, আফতাব মার্কেট ও মিজানের গ্যারেজ সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে আরিফুল ইসলাম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়