প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০২ অক্টোবর, ২০১৯

গায়ে আগুন দেওয়া সেই কলেজছাত্রীর মৃত্যু

রাজশাহীতে থানার সামনে প্রকাশ্যে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া কলেজছাত্রী লিজা রহমান (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিজা মারা যান।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিজার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

গত শনিবার দুপুরে রাজশাহী মহিলা কলেজের ছাত্রী লিজা শাহ মখদুম থানায় গিয়েছিলেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে। পুলিশ তাকে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। থানা ও ভিকটিম সেন্টার একই কম্পাউন্ডের মধ্যে। সেখানে গিয়ে লিজা শুধু নিজের নাম লেখেন। তারপর সিদ্ধান্ত নিতে না পেরে বাইরে আসেন। এরপর থানা থেকে খানিকটা দূরে রাস্তায় দাঁড়িয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় এদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।

লিজার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। লিজা তার দত্তক মা-বাবার কাছে বড় হন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিজা রহমান,গায়ে আগুন,কলেজছাত্রীর মৃত্যু,বার্ন ইউনিট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়