নিজস্ব প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০২০

মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না

নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদের

মুজিববর্ষে ক্ষমতার দাপট না দেখাতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, যতটা সম্ভব বিনয়ী থাকবেন। মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন।’ গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, মেয়র ও কাউন্সিলররা এবং মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আবারও অনুরোধ করব, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে আপনার যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে, এই মুজিববর্ষের ভাবগাম্ভীর্য বজায় রাখবেন। বঙ্গবন্ধুর যে বিনয়ের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, বঙ্গবন্ধু যে ত্যাগের শিক্ষা সেই শিক্ষা থেকে আপনাদের শিক্ষাগ্রহণ করতে হবে।’ তিনি বলেন, আপনারা কোনো অবস্থাতেই মুজিববর্ষ উদযাপনের নামে এলাকায় কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না, মানুষ যাতে আমাদের নেতাকর্মীদের থেকে বিরূপ আচরণ না পায়। মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায়। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি প্রোগ্রাম সুন্দরভাবে করবেন। নিজেরা অর্থ সংগ্রহ করে অনুষ্ঠানের আয়োজন করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মুজিববর্ষের কোনো অনুষ্ঠান নিয়ে কেউ যাতে চাঁদাবাজির দোকান না খোলে। চাঁদাবাজি করে এই অনুষ্ঠান যাতে কেউ না করে। ঘরে ঘরে গিয়ে মুজিববর্ষ করতে হবে, চাঁদা দিতে এত টাকা হবে ধার্য করেন, অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে। এসব বাড়াবাড়ি সহ্য করা হবে না। আমাদের পার্টির পক্ষ থেকে নেত্রীর পক্ষ থেকে পরিমিতবোধের পরাকাষ্টা প্রদর্শনের জন্য আমি আহ্বান করছি।’

মুজিববর্ষে আত্মপ্রচার করা যাবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পোস্টার, ব্যানার, বিলবোর্ডে করতে কোনো আপত্তি নেই। তবে পোস্টার, ব্যানার, বিলবোর্ডে বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে আত্মপ্রদর্শন করবেন না। পোস্টারে নিজের নাম দিতে পারেন, তবে ছবি দেবেন না। কারো ছবি যাতে আমরা বিলবোর্ড, পোস্টারে না দেখি। এটা আমরা কঠোরভাবে মনিটর করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকোশলী আবদুস সবুর প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়