ডিএসসিসির স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম
ধুলা কমাতে সড়কে পানি ছিটানো হবে

বায়ুদূষণ রোধে স্পেশাল ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১ ডিসেম্বর থেকে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকন।
রোববার নগর ভবন প্রাঙ্গণে পরিবেশ দূষণ মোকাবেলার অংশ হিসেবে বায়ুদূষণ কমিয়ে আনার লক্ষ্যে নগরীতে পানি ছিটানোর স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধনকালে মেয়র এ কথা জানান।
সাঈদ খোকন বলেন, ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে নয়টি গাড়ির মাধ্যমে করপোরেশন আওতাধীন এলাকায় সকল প্রাইমারি সড়কে পানি ছিটানো হবে।
ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএসসিসি বরাবরই কাজ করছে। এছাড়া আদালত কিছু নির্দেশনা দিয়েছেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব পালন করে মূলত পরিবেশ অধিদপ্তর। কিন্তু নাগরিকদের কথা বিবেচনা করে আমরা আজ থেকে একটি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করছি।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির যেসব প্রাইমারি রোড আছে সেগুলোতে আমরা সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এবং বিকালে ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই বেলা পানি ছিটিয়ে ধুলা এবং বায়ুদূষণ রোধ করার চেষ্টা করবো।
নিয়ন্ত্রণহীনভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেয়র খোকন। তিনি বলেন, সড়কসহ যেসব স্থানে উন্নয়নের কাজ চলছে যেসব স্থানে খোঁড়াখুঁড়ির মাধ্যমে অযথা যদি কেউ অনিয়ন্ত্রিতভাবে ময়লা, বায়ুদূষণের পরিবেশ সৃষ্টি করে রাখে, তাহলে আমরা প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
বিভিন্ন উন্নয়নকাজ চলায় সৃষ্ট ভোগান্তির জন্য নাগরিকদের প্রতি দুঃখপ্রকাশ করে উন্নয়নের স্বার্থে এটি মেনে নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান মেয়র। এছাড়া মাঠ পর্যায়ে এসব কাজের তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অহেতুক ও ইচ্ছাকৃত ভোগান্তি এড়াতে মোবাইল কোর্ট অব্যাহত রাখা হবে বলে জানান মেয়র।
পিডিএসও/হেলাল









































