রংপুর ব্যুরো

  ১৭ জুন, ২০২৬

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটি, দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

ছবি : প্রতিদিনের সংবাদ

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরে কর্মচারী মোঃ শাওনকে (২৫) পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দেয়। ডিবি কার্যালয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের ডিবি’র উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

স্থানীয়রা জানায়, ৪ বছর ধরে নগরীর খামার মোড়ে পুড়ি-পিঁয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। বুধবার রাতে শাওন দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যেতে পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদিকে ঘাতক মনুর পরিবারের দাবী মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিলো শাওন। এনিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের কোথাও মনে হয়নি মনু মানসিক ভারসাম্যহীন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়