সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুতায়িত হয়ে শামীম রেজা (৩০) নামের পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ জুলাই) কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শামীম রেজা উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। এবং সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাজীপুর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কবিহার গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন শামীম। এ সময় তিনি কোমরে বেল্ট পড়ে খুঁটিতে ওঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চেয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাজীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সানোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
কাজীপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাইনম্যানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পিডিএস/আরডি









































