reporterঅনলাইন ডেস্ক
  ০১ আগস্ট, ২০১৬

উৎপাদন হ্রাসের কারণে ভারতে এলাচের দাম বাড়ছে

ভারতে এলাচের দরবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত মসলাটির দাম বেড়েছে ৫৪ দশমিক ৭ শতাংশের বেশি।

দক্ষিণ ভারতের এলাচ উৎপাদনকারী অঞ্চলগুলোয় দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, যা ২০১৬-১৭ মৌসুমে পণ্যটি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় দরবৃদ্ধিতে রয়েছে এলাচের বাজার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) চলতি বছরের ফেব্রুয়ারিতে এলাচ বিক্রি হয় প্রতি কেজি ৫৯৮ রুপিতে। ধারাবাহিকভাবে দাম বেড়ে চলতি মাসে একই পরিমাণ পণ্যের দাম দাঁড়ায় ৯২৫ রুপি।

২০১৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাসের প্রথম ১৫ দিন পর্যন্ত অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে এলাচ গাছে যথাসময়ে ফুল আসেনি। এ কারণে পণ্যটি সংগ্রহ কাজে বিলম্ব দেখা দেয়।

সূত্রমতে, শুষ্ক আবহাওয়ার প্রভাব পড়েছে ১০-১৫ শতাংশ এলাচ গাছে। কেরালার ইদুক্কি জেলার ২০-২৫ শতাংশ এলাচ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে উৎপাদিত ছোট এলাচের প্রায় ৮০ শতাংশ এখানে উৎপাদন হয়।

ভারতে আগামী বছর ১৭-১৮ হাজার টন এলাচ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ২৫ হাজার টন। ভালো মানের এলাচের অপ্রাপ্যতার কারণে সাম্প্রতিক সময়ে বাজারে মসলাটির সরবরাহ কমেছে। চলতি মাসের প্রথম তিন সপ্তাহে বিক্রির জন্য সরবরাহ হয় ৮৮৮ টন এলাচ। এর পরিমাণ গত মাসের একই সময়ে ছিল ১ হাজার ৫৮৬ টন। সে হিসাবে জুনের প্রথম তিন সপ্তাহের তুলনায় এবার ভারতে এলাচ সরবরাহ ৪২ শতাংশ কমেছে।

চলতি বছরের ডিসেম্বরে এলাচ সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি বছর নতুন শস্য সরবরাহে বিলম্ব দেখা দিয়েছে। এর কারণ হলো চলতি বছরের প্রথম তিন-চার মাসের অতিরিক্ত শুষ্ক আবহাওয়া।

এদিকে ২০১৬-১৭ মৌসুমে ভারত থেকে এলাচ রফতানি হ্রাসের আশঙ্কা করা হচ্ছে। এ সময় স্থানীয়ভাবে মসলাটির ব্যবহার ও দাম উভয়ই থাকবে বাড়তির দিকে। ২০১৬-১৭ মৌসুমে ভারতে অভ্যন্তরীণভাবে ১২-১৫ হাজার টন এলাচের চাহিদা থাকার প্রত্যাশা করা হচ্ছে।

ভারতে উৎপাদিত মোট এলাচের ১৫-২০ শতাংশ রফতানি হয়ে থাকে। আগামী বছর দেশটি থেকে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টন এলাচ রফতানির প্রত্যাশা করা হচ্ছে।

ভারতের বাণিজ্য বিভাগের তথ্যমতে, গত বছর এলাচ রফতানি আগেরবারের তুলনায় ৩৫ দশমিক ৮ শতংশ বেড়ে

৫ হাজার ৯৩৮ টনে পৌঁছেছিলো। দেশটি থেকে পণ্যটির রফতানি প্রবৃদ্ধি উচ্চ উৎপাদন ও নিম্নমুখী বাজারদরের ওপর অনেকটা নির্ভর করে। মাঠ থেকে এলাচ সংগ্রহ বিলম্বে শুরু এবং উৎপাদন হ্রাসের কারণে পণ্যটির দরবৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। মূলত বছরের জুলাইয়ে নতুন মৌসুমের এলাচ বাজারে সরবরাহ শুরু হয়। তবে চলতি বছর আগস্টের পর নতুন মৌসুমের এলাচ সরবরাহ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে উৎপাদন কমে আসায় কৃষকরা ভালো মানের এলাচ ভবিষ্যতে আরো দরবৃদ্ধির আশায় নিজেদের কাছে ধরে রাখবেন। এমসিএক্সে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে কেজিপ্রতি এলাচের দাম ৯৫০ রুপিতে পৌঁছতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলাচ,ভারত,উৎপাদন হ্রাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist