কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জে যুবককে ডেকে নিয়ে হত্যা, ৩ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাসে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত পলাশ (২৩) কামারখন্দ উপজেলার বড়পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং পাসানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে যমুনা রেলসেতু প্রকল্পে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পলাশের কাছ থেকে ২০ হাজার টাকা নেন তার এক আত্মীয় জুয়েল। দীর্ঘদিনেও টাকা ফেরত না পাওয়ায় বিষয়টি নিয়ে বিরোধ চলছিল।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে পলাশকে তার শ্বশুরবাড়িতে ডাকা হয়। পরে সেখান থেকে তাকে সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামে খালু শ্বশুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে টাকার হিসাব-নিকাশ নিয়ে আলোচনা চলাকালে জুয়েল ও তার ভাগনে হৃদয়ের সঙ্গে বাগবিত-তা শুরু হয়।
নিহতের স্ত্রী মাহমুদা খাতুনের দাবি, একপর্যায়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে পলাশের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পলাশের মা সুমি বেগম অভিযোগ করেন, টাকা ফেরতের বিষয়ে সমাধানের কথা বলে তার ছেলেকে সেখানে নেওয়া হয়েছিল। কিন্তু আলোচনার শেষ পর্যায়ে তাকে নির্মমভাবে আঘাত করা হয়, যার পরিণতিতে প্রাণ হারাতে হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি হুকুম আলী জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে সিরাজগঞ্জ সদর থানার এএসআই মাহফুজুর রহমান জানান, এই ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে এরই মধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
"





































