ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রযুক্তিবান্ধব শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
-এমপি কাজল

‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। অনুষ্ঠিত মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশ নেয়।
গতকাল রবিবার সকালে কক্সবাজারের
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
প্রতিযোগিতায় খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন ধরনের স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন- যা উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা অর্জন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের খুদে বিজ্ঞানীদের চমৎকার উদ্ভাবনী চিন্তা দেখে আমি অভিভূত। তরুণদের এই মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
"







































