জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগরের মেদিনীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এ সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি জীবননগর ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিকান্দার আলী (৫০)। বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরো স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
"







































